উদ্বোধনী ম্যাচে যুক্তরাষ্ট্রকে বড় লক্ষ্য দিলো কানাডা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ০২ জুন ২০২৪ , ০৮:২৯ এএম


কানাডা
ছবি- গেটি ইমেজ

টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই রীতিমতো ঝড় দেখল ক্রীড়াপ্রেমীরা। স্বাগতিক বোলারদের তুলোধুনো করে পাহাড়সমান পুঁজি দাঁড় করিয়েছে প্রথমবারের মতো বিশ্বমঞ্চে খেলতে আসা কানাডা। এতে মার্কিন মুলুকে জমজমাট এক বৈশ্বিক মহারণের আভাস দিয়ে রাখলো বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচটি।

রোববার (২ জুন) ডালাসের গ্র্যান্ড প্রেইরি ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৪ রান করেছে কানাডা।

ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু পায় কানাডা। দুই ওপেনার অ্যারন জনসন ও নাভনিত ধালিয়ালের ঝোড়ো ব্যাটিংয়ে ইনিংসের পাঁচ ওভারেই স্কোরবোর্ডে ৪৩ রান জড়ো করে তারা। তবে পাওয়ার প্লে’র শেষ ওভারে উইকেটের দেখা পায় স্বাগতিক দল। হারমীতের বলে নিতিশ কুমারের হাতে ক্যাচ দিয়ে ৫ বাউন্ডারিতে ১৬ বলে ২৩ রানে ফেরেন জনসন।

এরপর ব্যাটিংয়ে আসা প্রাগাত সিংও বেশিক্ষণ ক্রিজে স্থায়ী হতে পারেননি। ৭ বলে মাত্র ৫ রানেই প্যাভিলিয়নের পথ ধরেন তিনি।

হঠাৎ জোড়া উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে কানাডা। তবে ধালিয়ালের সঙ্গে অবিচ্ছিন্ন জুটিতে চাপ সামলে নেন নিকোলাস কিরটোন। তাদের ৩৭ বলে ৬২ রানের জুটিতে বড় সংগ্রহের স্বপ্ন বুনেছিল কানাডা।

এরপর স্বাগতিকদের ত্রাতা হন নিউজিল্যান্ড ছেড়ে আমেরিকায় পাড়ি জমানো কোরি অ্যান্ডারসন। ইনিংসের ১৫তম ওভারে নিজের প্রথম ডেলিভারিতেই ওপেনার ধালিয়ালকে সাজঘরে ফেরান তিনি। লং অফে ক্যাচ দিয়ে ফেরার আগে ৩ ছক্কা ও ৬ চারে তার ব্যাট থেকে আসে ৪৪ বলে ৬১ রান।

এরপর কিছুটা কমে কানাডার রানের গতি। অল্প সময়ের ব্যবধানে আলি খানের বলে অ্যান্ডারসনের মুঠোবন্দি হয়ে ৩ চার ও ২ ছক্কায় ৫১ রান করে কিরটোন ফিরলে ফের চাপে পড়ে কানাডা।

শেষদিকে শ্রেয়াস মোভার অপরাজিত ৩২ এবং দিলপ্রীত বাজওয়ার ৫ বলে ১১ রানের ক্যামিওতে ১৯৪ রানে থামে কানাডার ইনিংস।

স্বাগতিকদের হয়ে হারমীত সিং, কোরি অ্যান্ডারসন ও আলি খান একটি করে উইকেট নেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission